রিউনোসুকে আকুতাগাওয়া। মাত্র ৩৫ বছর বয়সে মারা যান, কিন্তু তার মধ্যেই মুরাকামী'র মতে জাপানের সেরা পাঁচ সাহিত্যিক এর একজন হয়ে ওঠেন।
তার গল্প 'ইন আ ব্যাম্বু গ্রোভ'। বিষয়টা খানিকটা এরকম:
১. কাঠুরের জবানবন্দি:
বাঁশবনের ভিতরে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পায় কাঠুরে। বুকের ক্ষত, কাছাকাছি একটি দড়ি ও চিরুনি এবং পায়ে মাড়ানো ঘাস দেখে তার ধারণা হয়, সেখানে হত্যাকাণ্ড ঘটেছে।
২. বৌদ্ধ সন্ন্যাসীর জবানবন্দি:
আগের দিন দুপুরে তিনি মৃত ব্যক্তিকে তাঁর স্ত্রীর সঙ্গে রাস্তায় যেতে দেখেছিলেন। লোকটির সঙ্গে তলোয়ার, ধনুক ও তির ছিল।
৩. পুলিশের জবানবন্দি:
কুখ্যাত ডাকাত তাজোমারুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছে মৃত ব্যক্তির ধনুক-তির ও স্ত্রীর ঘোড়া পাওয়ায় পুলিশ তাকেই হত্যাকারী সন্দেহ করে।
৪. বৃদ্ধার জবানবন্দি:
মৃত ব্যক্তি তাঁর জামাই তাকেহিকো, যে একজন সামুরাই, বয়স ২৬; তাঁর মেয়ে মাসাগোর বয়স ১৯। জামাইয়ের মৃত্যুতে শোকাহত হলেও নিখোঁজ মেয়ের জন্য তিনি বেশি উদ্বিগ্ন।
৫. ডাকাত তাজোমারুর স্বীকারোক্তি:
মাসাগোর সৌন্দর্যে মুগ্ধ হয়ে সে কৌশলে তাকেহিকোকে বেঁধে ফেলে এবং মাসাগোকে ধ*র্ষণ করে। মাসাগো দাবি করে, দুজন পুরুষের একজনকে মরতে হবে কারণ দুজনেই বেঁচে থাকলে তার পক্ষে এই গ্লানিময় জীবন টেনে চলা সম্ভব হবে না; এরপর তাজোমারু দাবি করে, সে সামুরাইকে মুক্ত করে সম্মুখযুদ্ধে হত্যা করেছে। কিন্তু সেই ফাঁকে মাসাগো কোথায় যেন অদৃশ্য হয়ে যায়।
৬. স্ত্রী মাসাগোর স্বীকারোক্তি:
অত্যাচার এর পর স্বামীর চোখে তার জন্য ঘৃণা ও অবজ্ঞা দেখে মাসাগো ভেঙে পড়ে। সে দাবি করে, অপমান সহ্য করতে না পেরে নিজের ছুরি দিয়ে স্বামীকে হত্যা করে এবং পরে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেও ব্যর্থ হয়। সবশেষে তার ঠাঁই হয় এক মন্দিরের (অতিথিশালায় বা চিকিৎসালয়ে)।
৭. মৃত সামুরাইয়ের আত্মার জবানবন্দি:
এক মাধ্যমের সাহায্যে নামানো তাকেহিকোর আত্মা জানায়, ধ*র্ষণের মতো ঘৃণ্য অপরাধ এর পরও, মাসাগো হঠাৎই ডাকাতের সঙ্গে চলে যাবার ইচ্ছেপ্রকাশ করে এবং তার আগে স্বামীকে হত্যা করতে বলে। কিন্তু এই অদ্ভুত অনুরোধে বিস্মিত ও বিরক্ত তাজোমারু তাকে হত্যা না করে চলে যায়; বিশ্বাসঘাতকতায় বিধ্বস্ত তাকেহিকো নিজেই স্ত্রীর ফেলে যাওয়া ছুরি দিয়ে আত্মহত্যা করে, পরে অজ্ঞাত কেউ সেই ছুরি সরিয়ে নেয় তাকেহিকো'র শেষ নিঃশ্বাস পড়ার আগে।
~~~
এই গল্প নিয়ে তৈরি হয় এক কালজয়ী ছবি, যদিও সে ছায়াছবির নাম নেওয়া হয় আকুতাগাওয়া'রই আরেকটি গল্প থেকে, যদিও সেই গল্প থেকে ধার করা হয় কেবলমাত্র গল্পের সময়কাল আর আবহ, অবিরাম বৃষ্টি আর একটা ভেঙে পড়া প্রাসাদের গেট।
সিনেমাটা? আর অন্য গল্পটা?
রাশোমান, আক্ষরিক অর্থে 'আউটার ক্যাসেল গেট'।
No comments:
Post a Comment